30, August 2026
সন্মাত্রানন্দের নির্বাচিত কবিতায় বুদ্ধ ও বৌদ্ধ দর্শনের প্রতিফলন
Author(s): দেবশ্রী পাল
Authors Affiliations:
গবেষক, বাংলা বিভাগ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়
DOIs:10.2018/SS/202608009     |     Paper ID: SS202608009Abstract
Keywords
Cite this Article/Paper as
References
সারসংক্ষেপ: সমসাময়িক বাংলা কথাসাহিত্যে বিষয়ভাবনার যে নিরবচ্ছিন্ন ধারা বয়ে চলেছে, বুদ্ধ ও বৌদ্ধদর্শন সেখানে অন্যতম অনুষঙ্গ। এই বিষয়ভাবনাকে কেন্দ্র করে বাংলা কথাসাহিত্যের ধারাটি যথেষ্ট সমৃদ্ধ হলেও কাব্যচর্চায় এর প্রতিফলন তুলনামূলকভাবে কম। সাম্প্রতিককালের বিশিষ্ট কথাসাহিত্যিক সন্মাত্রানন্দ সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছন্দ বিচরণ করেছেন। তিনি সৃজনশীল রচনার মধ্য দিয়ে বুদ্ধ, বৌদ্ধদর্শন এবং বুদ্ধানুরাগী বিভিন্ন দার্শনিকের ভাবনাকে নান্দনিকভাবে তুলে ধরেছেন। তাঁর কাব্যেও এই বিশেষ ভাবধারার সংযোজন বাংলা কবিতার মূল ধারাটিকে নিঃসন্দেহে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলেছে। ‘দৃশ্যকাব্য’ কবিতায় কবি বুদ্ধের অহিংস ধর্মের বিপরীতে রাজা বিক্রমাদিত্যের ক্ষত্রিয়োচিত ধর্মের প্রসঙ্গ এনেছেন। অন্যদিকে অসঙ্গ-বসুবন্ধুর ‘বিজ্ঞানবাদ’ বা চিত্তমাত্রতার ধারণাকে সক্রেটিসের যুক্তিবাদী দর্শনের মুখোমুখি দাঁড় করিয়ে জ্ঞান, বিজ্ঞান ও ত্যাগের এক বহুমাত্রিক দ্বন্দ্ব নির্মাণ করেন। তিব্বতের বহুপ্রাচীন কুসংস্কারাচ্ছন্ন ধর্ম তথা সমাজকে প্রজ্ঞা-করুণার আলোয় উদ্ভাসিত করার যে দৃঢ় সংকল্প নিয়েছিলেন বৌদ্ধপণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর তাঁর মহৎ আত্মত্যাগ এবং মহানিষ্ক্রমণের মধ্যে দিয়ে, কবি তা-ই অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরেছেন ‘সেই রাত্রি’ কবিতায়। এমনকি কবির ভালোবাসার অনুষঙ্গেও স্থান পেয়েছে বৌদ্ধচেতনা। শিরোনামহীন কবিতা ও ‘চরণবৈভব’ শীর্ষক কবিতায় লৌকিক প্রেম-বিরহ পার্থিব সীমা অতিক্রম করে উচ্চস্তরীয় আত্মিক বা আধ্যাত্মিক চেতনায় উত্তীর্ণ হয়েছে। আবার বৌদ্ধ দর্শনের ‘মার’ বা ছোট আমি-র বিপরীতে ‘প্রকৃত আমি’ বা বড় আমি’র মধ্যে অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ এসেছে ‘বিষকল্পকথা’ কবিতায়। ‘Two Brothers’ বা ‘দুই ভাই’ কবিতায় অসঙ্গ ও বসুবন্ধুর সত্যানুসন্ধানের মাধ্যমে করুণা ও জ্ঞানের মিলন ঘটেছে। অন্যদিকে ‘চুপকথা’ কবিতায় বুদ্ধের নীরবতার কারণে কীভাবে তাঁর ধর্মাশ্রিত সংস্কার ক্রমাগত নানান কুসংস্কারে পরিণত হয়ে প্রাতিষ্ঠানিক জটিলতা তৈরি করেছে, তারই ট্র্যাজিক রূপ দেখানো হয়েছে এখানে। এছাড়া ‘শিলালেখ’ কবিতায় রাজা নয়পালের রাজনৈতিক সংশয় এবং তাঁর ঘোড়াটির উদাসীন বৈপরীত্যের মাধ্যমে মানব ইতিহাসের কৃত্রিম জটিলতা ও সৃষ্টিশীল প্রকৃতির অন্তর্নিহিত মুক্তভাবনাকে কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। সন্মাত্রানন্দের কবিতা নিছক ধর্ম, দর্শন বা ঐতিহাসিক তথ্যের নিগড়ে সীমাবদ্ধ নয় বরং তা সর্বজীবে প্রেম প্রচারের মতন মহৎ ভাবনায় আধুনিক কাব্য সাহিত্যকে উত্তরোত্তর সমৃদ্ধ ও প্রাসঙ্গিক করে তুলেছে।
সূচক শব্দ: বাংলা কাব্য-কবিতা, সন্মাত্রানন্দ, বুদ্ধ ও বৌদ্ধ দর্শন
দেবশ্রী পাল (2026); সন্মাত্রানন্দের নির্বাচিত কবিতায় বুদ্ধ ও বৌদ্ধ দর্শনের প্রতিফলন, Shikshan Sanshodhan : Journal of Arts, Humanities and Social Sciences, ISSN(o): 2581-6241, Volume – 9, Issue – 8, Available on – https://shikshansanshodhan.researchculturesociety.org/
![SHIKSHAN SANSHODHAN [ ISSN(O): 2581-6241 ] Peer-Reviewed, Referred, Indexed Research Journal.](https://shikshansanshodhan.researchculturesociety.org/wp-content/uploads/SS-TITLE-HEADER.png)